৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের মূলমন্ত্র হিসেবে কাজ করেছে : চুমকি

 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণ দেশের প্রতিটি মানুষকে আলোড়িত করেছিল। সেই কালজয়ী ভাষণই মুক্তিযুদ্ধের মূলমন্ত্র হিসেবে কাজ করেছে।
 
বঙ্গবন্ধুর ৭মার্চের ঐতিহাসিক ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় আজ শনিবার জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ‘আনন্দ শোভাযাত্রা’র প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
মেহের আফরোজ চুমকি বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে ৭ মার্চে বঙ্গবন্ধুর মাত্র ১৮ মিনিটের জ্বালাময়ী ভাষণই বাংলার মুক্তিকামী মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল।
 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আনন্দ শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান, মো. আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে