কৃষক এবং কৃষি শ্রমিক খুন

 
রংপুরের মিঠাপুকুরে শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষককে গলাকেটে হত্যা করা হয়েছে। এদিকে কুুষ্টিয়ার দৌলতপুরে সন্ধ্যায় ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষে কৃষি শ্রমিক মারা গেছেন।
 
মিঠাপুকুর (রংপুর): জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা এক কৃষককে গলাকেটে হত্যা করেছে। শনিবার দুপুরে আমন ধান কাটার সময় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫জনকে আটক করেছে। নিহত কৃষকের নাম আফসার আলী (৩৮)। তিনি উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ মহতীপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে।
 
কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, আফসার আলী ও বাবলু মিয়া গ্রুপের মধ্যে এক একর ২৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আফসার আলী ও তার স্বজনরা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে আমন ধান লাগিয়েছেন তারা। শনিবার সকালে আফসার ধান কাটেন। দুপুরে ওই বিরোধপূর্ণ জমিতে গিয়ে বাবলুর নেতৃত্বে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় বাবলু বল্লম দিয়ে আফসারের গলায় আঘাত করে। তাকে আহত অবস্থায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ৫জনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন-আরিফুল, ওসমান গণি, আলকাস, আকবর ও ভেদু মিয়া। তবে, মূল অপরাধী বাবলু পালিয়ে যান। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
 
দৌলতপুর (কুষ্টিয়া): উপজেলার মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জুয়েল (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি মহিষকুণ্ডি মাঠপাড়া গ্রামের কায়মুদ্দিনের ছেলে। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, শনিবার সন্ধ্যায় মহিষকুণ্ডি মাঠপাড়া গ্রামে ধান মাড়াই করার পর ভাগ বাটোয়ারা নিয়ে কৃষি শ্রমিক জুয়েলের সাথে একই এলাকার জানবার আলীর ছেলে মজনুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মজনু হাসুয়া দিয়ে জুয়েলকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার সময় পথে জুয়েল মারা যান।
 
ইত্তেফাক/আরকেজি