বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় সারা দেশের ন্যায় আনন্দ র্যালি বের করে কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগ। গতকাল শনিবার বিকেলে ওই র্যালিতে স্থানীয় যুবলীগ নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠেছে। এই ঘটনায় রাতেই উপজেলার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ।
প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন বলেন, 'বিকাল ৩টায় ২টি পিকাপ ও একটি মাইক্রোবাসযোগে র্যালিটি নবাবপুর দক্ষিণ বাজার ব্রিজ এলাকায় পৌঁছুলে চান্দিনা উপজেলা যুবলীগের ১৫-২০ জন নেতা-কর্মী র্যালিতে হামলা চালায়। এসময় গাড়ীর সামনে সাঁটানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একাধিক ব্যানার ছিঁড়ে ফেলে।'
হামলার বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন বলেন, 'ঘটনার সময় আমি পানিপাড়া বাংলা বাজারে যুবলীগের পরিচিতি সভায় যাচ্ছিলাম। পরবর্তীতে জানতে পারি যে, নবাবপুর বাজারে আমাদের কিছু ছেলে ছাত্রলীগের আনন্দ র্যালির গাড়িতে সামনে থাকা ব্যানারটি খুলে ফেলে। এখন তারা আমার ওপর দোষ চাপাতে শুরু করেছে।'
এব্যাপারে চান্দিনা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কামরুজ্জামান তালুকদার রাতে এ প্রতিবেদককে বলেন, 'উপজেলা ছাত্রলীগ নেতারা ওই ঘটনা জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ এখনও পাইনি।'
ইত্তেফাক/জামান