স্পোর্টস ডেস্ক
পর্তুগীজ কোচ হোসে মরিনহো আগামী মৌসুমে কোথায় যাচ্ছেন তা নিয়ে জল্পনা থামছে না। খবর বেরিয়েছে বায়ার্ন মিউনিখ তাকে চায়। আবার সর্বশেষ তাকে দেখা গেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিমানবন্দরে।
ফরাসি লিগে যোগ দিতে পারেন এমন খবর বেরিয়েছে আগেই। এর মধ্যেই বায়ার্নের প্রস্তাব পেলে তিনি নেবেন কি না জানতে চাওয়া হলো, কিছুটা লাজুক হাসেন তিনি।
হোসে মরিনহো গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই কর্মহীন আছেন। এর মধ্যে বুন্দেশলিগা তথা জার্মানি এবং ফরাসি লিগে আগে কখনো কাজ করেননি পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যান ইউ’র এই কোচ। জার্মান সাময়িকী বিল্ড ৫৬ বছরের এই কোচের কাছে জানতে বায়ার্নে যাবেন কি না জানতে চাইলে তিনি অবশ্য সরাসরি কিছু বলতে অস্বীকার করেন। তিনি শুধু বলেন, ‘আমি নিকো কোভাচকে সম্মান করি। যেমনটা করি আমার অন্য কলিগদের। কাজেই এর উত্তর দিতে পারব না। আমি শুধু বলতে পারি বায়ার্ন অনেক বড় এক ক্লাব।’ মরিনহো এ প্রসঙ্গে আরো বলেন, ‘আমি আশা করব নিকো তার চাকরি রক্ষা করছে। কারণ সে এই পর্যায়ে পৌঁছাতে কঠোর পরিশ্রম করেছে। আমি মৌসুমের শুরুতে এক প্রীতি ম্যাচে তার দেখা পেয়েছিলাম। আমার তাত্ক্ষণিকভাবেই তাকে পছন্দ হয়েছিল।’
পত্রিকাটিতে তাকে পরখ করতে জানতে চেয়েছিল মরিনহো বুন্দেশলিগাকে তার জীবন বৃত্তান্তে যোগ করতে চান কি না? জবাবে মরিনহো বলেন, ‘আমি যদি হ্যাঁ বলি, সবাই বলবে হোসে বুন্দেশলিগায় যেতে চায়। তাই আমি হ্যাঁ বলতে পারি না। আমি শুধু বলতে পারি আমি নিজের নবম লিগ শিরোপা ও তৃতীয়বারের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জিততে চাই।’ এদিকে ফ্রান্সের এক পত্রিকা মরিনহোকে সর্বশেষ ফ্রান্সের এক বিমানবন্দরে দেখেছে। সেটি হলো লিয়-সেইন্ট এক্সুপেরি বিমানবন্দর। তার আগ থেকেই বলাবলি হচ্ছিল মরিনহো ফরাসি লিগের ক্লাব লিয়তে যেতে পারেন। সম্প্রতি তাদের একটি খেলায় মাঠে ছিলেন মরিনহো। বলা হচ্ছে লিয়র বর্তমান কোচ ব্রুনো জেনেসিওকে সমর্থকরা ‘ঘৃণা’ করেন। সে জন্য ক্লাবটি তার উত্তরসূরি খুঁজছে। এ প্রসঙ্গে মরিনহো গত সপ্তাহে বলেছিলেন ফরাসি ক্লাবটিকে তাদের ‘আর্থিক বাস্তবতা’ বুঝতে হবে। ফ্রান্সের প্রভাবশালী পত্রিকা ল্যাকুইপ গত মাসে জানিয়েছিল মরিনহো ফ্রান্সে আসার পথে প্রায় শেষ পর্যায়ে আছেন। তবে পত্রিকাটি নিশ্চিত করতে পারেনি মরিনহো কোন ক্লাবে যাচ্ছেন। আবার বাস্তবতা হলো ইউরোপের বড় ক্লাবগুলোর কোনোটিতেই বর্তমানে কোচের পদে যাওয়ার সুযোগ নেই তার।