খুলনায় চাঁদার দাবিতে ঠিকাদারকে হত্যার হুমকি

 
খুলনায় চাঁদার দাবিতে মোঃ. হায়দার আলী মোড়ল নামে এক ঠিকাদারকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে তিনি দিঘলিয়া থানায় জিডি করেছেন। এর আগে গত শুক্রবার রাতে মোবাইল ফোনে তাকে এ হুমকি দেওয়া হয়। ঠিকাদার হায়দার আলী খুলনা জেলা আওয়ামী লীগ নেতা ও দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
 
জিডিতে ঠিকাদার হায়দার আলী মোড়ল উল্লেখ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এসএন বিল্ডার্সের মাধ্যমে তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটিতে টিটিসি কলেজের নির্মাণ কাজ করছেন। বর্তমানে সেখানে ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজ চলছে।
 
এ অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় জনৈক ব্যক্তি তাকে মোবাইল ফোনে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেয়। হুমকিদাতা তাকে বলেন, ‘টিটিসি কলেজের কাজ সম্পন্ন করতে হলে চাঁদা দিতে হবে, অন্যথায় কাজ করতে দেওয়া হবে না’।
 
পরিচয় জানতে চাইলে সে তাকে বলেন, ‘সময় হলে দেওয়া হবে’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর আগে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে ফেলে এবং কর্মচারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কাজে বাঁধা সৃষ্টি করছে।
 
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি নেয়া হয়েছে। সংশ্লিষ্ট মোবাইল নম্বর ধরে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। 
 
ইত্তেফাক/আনিসুর