রংপুর সিটি নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে রবিবার মেয়র পদে ৭ জনকে বৈধ এবং বিভিন্ন কারণে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 
 
রিটার্নিং ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, যে ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা ও পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু, বাসদের রংপুর জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার।
 
এ ছাড়া বিভিন্ন কারণে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরপ্রতীক, একমাত্র মহিলা মেয়র প্রার্থী সমাজ উন্নয়ন কর্মী সুইটি আনজুম, ব্যবসায়ী মেহেদী হাসান বনি, ক্রিকেট কোচ শাকিল রায়হান, যুবদলের রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু, জাতীয় পার্টির (এ) সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র এ কে এম আব্দুর রউফ মানিক। যাদের মনোনয়পত্র বাতিল করা হয়েছে তাদের অনেকেই আপিল করবেন বলে জানিয়েছেন।
 
এ ছাড়া, ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে দাখিলকৃত ২২৬ জন প্রার্থীর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে  ৮ জন এবং সংরক্ষিত পদে ৪ জনসহ মোট ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি