‘পূর্ণ’ ব্যান্ড নিয়ে আসছেন তামান্না জেসমিন

 
শুদ্ধ সঙ্গীতের শূন্যতা যাদের মনে পীড়া দেয় তাদের কাছে এক ধরনের পূর্ণতা নিয়ে আসছেন ‘পূর্ণ' নামের একটি ব্যান্ড দল। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতাদের কণ্ঠে সে রকমই আত্মবিশ্বাস। রবীন্দ্রনাথ তার শেষের কবিতায় বলেছিলেন, শূন্যেরে করিবো পূর্ণ, এই ব্রত বহিব সদাই। যেন সে রকম ব্রত নিয়েই যাত্রা শুরু করেছেন স্বপ্নদ্রষ্টা তামান্না জেসমিন। কবি ও সঙ্গীতশিল্পী হিসেবে তার ভালোই পরিচিতি আছে।
 
২০১২ সালে তামান্না জেসমিনের একক আধুনিক গান ‘বন্ধুর জন্য’ অ্যালবাম প্রকাশ হয়। অ্যালবামটি প্রকাশ হয়েছিল লেজার ভিশন থেকে। এতে নয়টি মৌলিক গান রয়েছে।
 
তামান্না জেসমিন বলেন, গানের শুরুটা নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে। ক্লাসিক্যাল বেস নিয়েই সঙ্গীত চর্চা শুরু করেছিলেন। পরবর্তীতে রবীন্দ্র সঙ্গীত তাকে টেনেছে। কিন্তু এই ‘পূর্ণ’ ব্যান্ড নিয়ে আছে তার বেশ কিছু নতুন পরিকল্পনা।
 
তিনি বলেন, খুব শিগগির আত্মপ্রকাশ করবে ‘পূর্ণ’ ব্যান্ড দল। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করেই শুরু হবে এর যাত্রা । রবীন্দ্র, নজরুল, লালন-হাসন সবার জীবনদর্শন ও সঙ্গীতকে একাকার করে এর পূর্ণতা দেবে পূর্ণ । থাকবে নানা বৈচিত্র। আমাদের গানের ভুবনে যা যোগ করবে এক নতুন মাত্রা । 
 
ইত্তেফাক/আনিসুর