চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইনসহ আটক ১

 
 
সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর মোন্নাপাড়া থেকে সোমবার সকালে ১ কেজি ৫৮ গ্রাম হেরোইন ও দুই লাখ ভারতীয় রুপিসহ মো. আলম (৪২) নামে একজনকে আটক করেছে র‌্যাব-৫। আটক মো. আলম সদর উপজেলার হাকিমপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
 
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কম্পানী কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, নরেন্দ্রপুর মোন্নাপাড়ায় চরবাগডাঙ্গা-শাজাহানপুর রাস্তার উত্তর পার্শ্বে বাঁশঝাড়ের ভিতর হেরোইন ও চোরাচালানকৃত ভারতীয় রুপি লেনদেন করার জন্য চোরাকারবারীরা অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাতটার দিকে সেখানে অভিযান চালানো হয়।
 
এ সময় কোটি মূল্যের ১ কেজি ৫৮ গ্রাম হেরোইন ও দুই লাখ ভারতীয় রুপিসহ মো. আলমকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলম স্বীকার করেছে তারা কয়েকজন মিলে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানির সাথে জড়িত।
 

ইত্তেফাক/এএম।