রাজশাহীকে ২১৪ রানের টার্গেট দিলো খুলনা

ব্যাটসম্যানদের মারমুখী ব্যাটিং-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের ষষ্ঠ ও টুর্নামেন্টের ৩০তম ম্যাচে রাজশাহী কিংসকে জয়ের জন্য ২১৪ রানের বড় টার্গেট দিলো খুলনা টাইটান্স।
 
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে খুলনা টাইটান্সকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় রাজশাহী কিংস। দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় খুলনা। ৬ রান করে ফিরেন দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ। 
 
এরপর রাজশাহীর বোলারদের বিপক্ষে চড়াও হন ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। দ্বিতীয় উইকেটে ২৭ বলে ৪৫ রান যোগ করেন তারা। ৫টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪৯ রান করে থামেন শান্ত। 
 
চার নম্বরে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১ রান করে আউট হন তিনি। অধিনায়কের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা দ্রুতই ঘুরিয়েছেন আফিফ। মাত্র ৪৩ বল মোকাবেলা ৮৮ রান যোগ করেন পুরান ও আফিফ। এতেই বড় সংগ্রহের পথ পেয়ে যায় খুলনা। 
 
৬টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে ৫৭ রান করে ফিরেন পুরান। তবে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। ৫টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। শেষদিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ বার্থওয়েটের ৩টি করে চার ও ছক্কায় ১৪ বলে ৩৪ রানের কল্যাণে ৫ উইকেটে ২১৩ রান পায় খুলনা। এবারের আসরে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। রাজশাহীর নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন ৩ উইকেট নেন। 
 
সংক্ষিপ্ত স্কোর:
 
খুলনা টাইটান্স : ২১৩/৫, ২০ ওভার (পুরান ৫৭, আফিফ ৫৪*, ফ্রাঙ্কলিন ৩/৫০)। বাসস।
 
ইত্তেফাক/রেজা