ঢাকায় ভারতের প্রতিরক্ষা সচিব

বিশেষ প্রতিনিধি

ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র প্রতিরক্ষা সংলাপে অংশ নিতে গতকাল বুধবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র ঢাকা এসে পৌঁছলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান- নৌবাহিনীর সহকারী প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল এম লোকমানুর রহমান।

বাংলাদেশে সফরের সময় ভারতের প্রতিরক্ষা সচিব দ্বিতীয় বার্ষিক প্রতিরক্ষা সংলাপে অংশগ্রহণ করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাত্ করবেন। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলা একাডেমি ও নারায়ণগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনেরও কথা রয়েছে তার। সফর শেষে আজ বৃহস্পতিবার রাতে নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে ভারতীয় প্রতিনিধি দল।

 

 

০