মহেশপুরে ছিনতায়ের ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

 
মহেশপুর উপজেলার দত্তনগর ফাঁড়ি পুলিশের বিরুদ্ধে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই মাহফুজ ও ২ কনেস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সোমবার তাদের প্রত্যাহার করা হয়।
 
জানা গেছে, রবিবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা তাহাজ্জেল আলীর ছেলে ওয়াজির আলী গাড়ি কেনার জন্য জীবননগর আসার সময় সন্তোষপুর এলাকায় দত্তনগর ফাঁড়ির এএসআই নুরুন্নবী এবং কনস্টেবল সোহেল রানা ও হোসেন আলী তাকে বাস থেকে নামান। পরে ফাঁড়িতে নিয়ে এসে এক কোয়ার্টারে আটকে রেখে অস্ত্র ঠেকিয়ে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেন তারা। 
 
ঘটনাটি জানাজানি হলে পুলিশ সুপারের নির্দেশে মহেশপুর থানার ওসি আহম্মেদ কমির তদন্ত করে সত্যতা পেলে মাহফুজুর, সোহেল ও হোসেনকে পুলিশ লাইনে প্রত্যাহার করেন।
 
ওসি আহম্মেদ কবির বলেন, আমি পুলিশ সুপারের নির্দেশে সোমবার সকালে দত্তনগর ফাঁড়ি পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ফাঁড়ির ইনচার্জ ও ২ কনেস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি