দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার শুধু গুম, খুন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে তা নয়,এরা নির্বাচন ও গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। এজন্য দরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবেনা।

গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের কাফরুল ও ক্যান্টমেন্ট থানার কর্মী সম্মেলন উপলক্ষে এই সভা হয়। সভায় অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহম্মেদ, পেয়ারা মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

রিজভী বলেন, প্রধান বিচারপতির পরিণতির পরেই আজকে সমস্ত পার্লামেন্ট ক্ষমতাশালী বাদশাহীতে পরিণত হয়েছে। বিচারপতিদের অপসারণ ও নিয়োগ যদি পার্লামেন্ট থেকে হয় তাহলে সরকার প্রধানের ইচ্ছার বাইরে কি বিচারপতি নিয়োগ হবে? তিনি বলেন, সর্বোচ্চ আদালত থেকে আওয়ামী লীগের দুইজন মন্ত্রী সাজাপ্রাপ্ত। এরপরও তারা মন্ত্রিত্ব করছেন।

ইত্তেফাক/নূহু