জীবননগরে এমপিওভুক্তির দাবিতে এসিটি শিক্ষকদের মানববন্ধন

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেকায়েপ প্রকল্পের ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ের অতিরিক্ত শ্রেণি শিক্ষকগণ এমপিওভুক্তিসহ পরবর্তী প্রোগ্রামে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এসিটি শিক্ষকরা।

 

গতকাল সোমবার বাংলাদেশ এসিটি অ্যাসোসিয়েশন জীবননগর উপজেলা শাখার ডাকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষকদের আন্দোলন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আকরাম হোসেন সন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধন কর্মসূচি হতে এসিটি শিক্ষকগণ সরকারকে তাদের এমপিওভুক্তির ন্যায়সঙ্গত দাবি মেনে অবিলম্বে বকেয়া পাঁচ মাসের বেতন-ভাতাদি পরিশোধের দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, এ প্রকল্পে কর্মরত শিক্ষকদের অনেকের ইতোমধ্যে সরকারি চাকরির বয়সসীমা শেষ হয়েছে। অথচ চাকরি স্থায়ী না হওয়ায় আমরা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। এ অবস্থার মধ্যে সেকায়েপের পরবর্তী প্রোগ্রাম সেকেন্ডারি অ্যাডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে।  মানববন্ধনে অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক ফজর আলী, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

ইত্তেফাক/নূহু