মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে গতকাল সোমবার গভীর রাতে ডাকাতি করার সময় দুই সহোদরসহ এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন। এসময় গ্রামবাসী এক ডাকাতকে আটক করে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, মুখোশপরা ৬/৭ জনের একটি ডাকাত দল মঙ্গলপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামীম আহমদ (৫২) এর বাড়ির একটি ঘরে প্রবেশ করে। ঘরের ভিতর ডাকাত দলের প্রবেশ টের পেয়ে অব. সেনা সদস্য শামীম তার ভাইদের ডেকে এনে ডাকাতদের আটকানোর চেষ্টা করেন। এসময় ডাকাত দলের হাতে থাকা দা ও লোহার রড দিয়ে আঘাত করলে অব. সেনা সদস্য, ছোট ভাই শাহীন আহমদ (৪৮) ও ওয়াহিদ আহমদ (৩৫) আহত হন।চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসলে এক ডাকাতকে আটক করেন।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আহত বাড়ির লোকজনকে হাসপাতালে প্রেরণ করেন। সাথে সাথে পুলিশি পাহারায় ধৃত আহত ডাকাতকেও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ বলেন, ধৃত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তার বাড়ি আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দি এলাকায়। সে স্থানীয় কোন এক ডাকাতের সাথে যোগাযোগ করেই এখানে ডাকাতি করতে এসেছে।
কমলগঞ্জ থানার ওসি মো. বদরুল হাসান ডাকাতির চেষ্টা, এক অব. সেনা সদস্যসহ দুই আহত ও একজন ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আগে আহত ডাকাতের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। পরে তার নাম পরিচয় জেনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জামান