হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার সাজা

 
হাটহাজারীতে মাদক বহনের দায়ে মো. জিন্নাহ মিয়া  (৫২) নামে এক মাদক বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী মঙ্গলবার বেলা ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। 
 
জানা যায়, পার্বত্য জেলা রাঙ্গামাটি থেকে উচ্চ এলকোহল সম্পন্ন মদ বহন করে মো. জিন্নাহ মিয়া চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২টায় হাটহাজারী ইউএনও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের ইসলামিয়াহাট এলাকা থেকে তাকে সাত লিটার মদসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আক্তার উননেছা শিউলী ইত্তেফাককে বলেন, মাদক বহনের অপরাধ ও স্বীকারোক্তি মোতাবেক মো. জিন্নাহ মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দণ্ডিত ব্যক্তিকে দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।