বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ ও লাল রং এর টি-শার্ট ও টুপি পরে স্কুল মাঠে ‘আই লাভ রূপপুর (I LOVE ROOPPUR)’ শীর্ষক একটি প্রদর্শনী করেন শিক্ষার্থীরা। এটি ড্রোন ক্যামেরার সাহায্যে ধারণ করা হয়।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির প্রথম কংক্রিট ঢালাই উপলক্ষে মঙ্গলবার বিকেলে রূপপুর হাই স্কুলে তাদের বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০নভেম্বর) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর বিল্ডিং ফাউন্ডেশনের প্রথম কংক্রিট ঢালাই উদ্বোধন করবেন।
জানা যায়, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের রীতি অনুযায়ী এই উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক জগতে প্রবেশ করবে। ঐতিহাসিক এই ঘটনা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো লক্ষ্যে রূপপুর হাই স্কুলে তিন শতাধিক শিক্ষার্থী একটি বর্ণাঢ্য ‘ফ্ল্যাশ মব’ প্রদর্শনীর আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. দিলীপ কুমার সাহা, কমিশনের প্রকৌশল বিভাগের পরিচালক ড. প্রকৌশলী আব্দুস সালাম, প্রকৌশল বিভাগের সদস্য প্রকৌশলী জাফর সাদেক, কমিশনের সচিব গোলাম রব্বানী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এএফএম মিজানুর রহমান, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রসাটমের দক্ষিণ এশিয়ার প্রেস সেক্রেটারি আলেকজেন্ডার এনটিপিন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, স্কুলের সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, প্রধান শিক্ষক শাজাহান আলী প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি