হাজার বছরের অন্ধকার ঘুচল চৌগাছার হাকিমপুরের

 
হাজার বছরের অন্ধকার শেষে বিদ্যুতের আলো জ্বলেছে যশোরের চৌগাছা থানার হাকিমপুর ইউনিয়নের ১৫'শ পরিবারে। ‌‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানের আলোকে মঙ্গলবার বিকেলে ২৮ কিলোমিটারের এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
 
সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌগাছা পল্লী বিদ্যুতের এজিএম মো. মামুন মোল্লা, চৌগাছা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাজান কবির, পৌর মেয়র নূরউদ্দীন আল-মামুন হিমেল।
 
মনিরুল ইসলাম মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কিভাবে উন্নয়ন করতে হয়। তিনি সমস্যা চিহ্নিত করে উন্নয়ন করছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে তাকে প্রধানমন্ত্রী বানাতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
IMG0
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব চুন্নু, হাকিমপুর ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. লাল্টু মিয়া প্রমুখ। 
 
জানা যায়, ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে যশোরের চৌগাছা থানার হাকিমপুর ইউনিয়নের ১৫'শ পরিবারের মধ্যে এই বিদ্যুৎসংযোগ দেয়া হয়। 
 
ইত্তেফাক/আরকেজি