তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনগণ ও গণমাধ্যমের সম্পৃক্ততার বিকল্প নেই। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে সংবিধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা-এই তিনটির মধ্যে সমন্বয় সাধন করতে হবে।
আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘টেকসই উন্নয়ন অভিষ্ঠ অর্জন কর্মপরিকল্পনা অবহিতকরণ’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দারিদ্র্য উচ্ছেদ করে তা শূন্যে নামিয়ে আনা এবং লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। টেকসই অর্থনীতির জন্য টেকসই রাজনীতি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে টেকসই উন্নয়নের সকল লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য তথ্য মন্ত্রণালয়কে তৎপর এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এজন্য তিনি আইনি কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সরকারি সংস্থাগুলোকে বেসরকারি উদ্যোক্তা, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও জনগণকে সম্পৃক্ত করে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ঠের ১৭টি লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, কেউ যেন এ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয়।
হাসানুল হক ইনু বলেন, এ বিশাল কর্মযজ্ঞে সফলতার জন্য প্রত্যেক অংশীদারকেই টেকসই উন্নয়ন অভীষ্ঠসহ সংবিধান, প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ ও ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয়ে বিশদভাবে জানতে হবে। উন্নয়নের সবচেয়ে বড় শত্রু দারিদ্র্য ও লিঙ্গবৈষম্য দূর করতে নিতে হবে সর্বোচ্চ উদ্যোগ। বাসস
ইত্তেফাক/কেকে