ঘুষের টাকাসহ নরসিংদীতে হাসপাতালের প্রধান সহকারী গ্রেফতার

নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান সহকারীসহ দুইজনকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন- প্রধান সহকারী আশরাফুল ইসলাম ও প্যাথলজি সহকারী রেজাউল করিম। 
 
মঙ্গলবার বিকালে হাসপাতালে প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। দুদক এর বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার এর তত্ত্বাবধানে ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এর নেতৃত্বে আট সদস্যের বিশেষ টিমের সদস্যরা তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করেছে।
 
দুদক সূত্র জানায়, নরসিংদী জেলা হাসপাতালের কাপড় ধোলাই কাজের বিল উত্তোলন ও পরবর্তীতে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মের্সাস মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাছির মিয়ার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন ওই কর্মকর্তা। তার দাবির ভিত্তিতে আলোচনা করে নাছির মিয়া দুই দফায় প্রধান সহকারী আশরাফুল ইসলামকে এক লাখ ত্রিশ হাজার টাকা ঘুষ দেন। এরপর আরও এক লাখ টাকা ঘুষের জন্য নাছির মিয়াকে চাপ দেয় আশরাফুল ইসলাম। এ পরিস্থিতিতে নাসির মিয়া বিষয়টি দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ এ অভিযোগ করেন। পরবর্তীতে সকল আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ঘুষ গ্রহণকারীকে গ্রেফতারের জন্য দুদক একটি বিশেষ টিম গঠন করে। 
 
টিমের সদস্যরা মঙ্গলবার দুপুর থেকেই মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে হাসপাতালের চারিদিকে ওঁৎ পেতে থাকে। বিকাল ৩টার দিকে ঘুষ গ্রহণের সময় মো. আশরাফুল ইসলাম পাঠানকে ঘুষের ১ লাখ টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করে দুদক বিশেষ টিমের সদস্যরা। এসময় ঘুষ গ্রহণে সহযোগিতা ও ঘুষের টাকা লুকানোর চেষ্টার অভিযোগে একই হাসপাতালের  মেডিকেল টেকনোলজিস্ট রেজাউল করিমকেও গ্রেফতার করা হয়েছে। পরে দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে এ বিষয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। 
 
ইত্তেফাক/এমআই