২২ রুটে চলবে ছয় কোম্পানির নগর বাস

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় নগর পরিবহনের  বাসগুলোকে ৬টি কোম্পানির আওতায় এনে  ২২টি রুটের মাধ্যমে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বুধবার নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর সভাকক্ষে অনুষ্ঠিত গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত বাসরুট নির্ধারণ সংক্রান্ত কমিটির সভাশেষে এক ব্রিফিংয়ে মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।

৬টি বাস কোম্পানিকে গোলাপী, কমলা, সবুজ, বেগুনী, মেরুন এবং  নীল এই ৬টি রঙের মাধ্যমে পরিচালনা করা হবে। মেয়র সাঈদ খোকন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন বর্ষ ২০২০ সালের মধ্যেই সড়কে  নিরাপত্তা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার মধ্য দিয়ে জাতির পিতার প্রতি সর্বোত্তম শ্রদ্ধা জানাতে চাই।

আশা করছি, এ সময়ের মধ্যেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন করা  সম্ভব হবে। এছাড়া গুলিস্তান থেকে সদরঘাট হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত চক্রাকার বাস চালুর সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে বলেও ঘোষণা দেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক সচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার সচিব শফিকুল ইসলাম, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান, পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ডিটিসিএ নির্বাহী পরিচালক রকিবুর রহমান ও পরিবহন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।