ইত্তেফাক রিপোর্ট
ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য শেখ আবদুল আজিজের নামাজে জানাজা গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। আবদুল আজিজ সোমবার গুলশানের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্যসহ দলীয় নেতৃবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন।
জানাজার পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল আজিজকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্পিকারের পক্ষে সার্জেন্ট এ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের পক্ষে আমীর হোসেন আমু এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন ও দলীয় নেতৃবৃন্দ মো. শেখ আবদুল আজিজের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ হতে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।