৩ দিনের দূত সম্মেলন সমাপ্ত

নির্বাচনী ব্যবস্থায় সংস্কারে ভোট চুরির পথ বন্ধ: অর্থমন্ত্রী

 
গতকাল সম্পন্ন হয়েছে তিন দিনব্যাপী দূত সম্মেলন। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গত কয়েক বছরে যেভাবে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এসেছে তাতে ভোট চুরির পথ প্রায় বন্ধ। তবে একটি মাত্র আশঙ্কা এখনও রয়েছে। যদি কোনো আসনে এমন শক্তিশালী নেতা দাঁড়িয়ে যান যে, তিনি লোকজনকে ভোট কেন্দ্রেই যেতে দিলেন না, বাধা দিলেন। সেটিও হবে না যদি তার আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকেন।
 
মন্ত্রী আরো বলেন, যারা নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা বলছে, তারা নির্বাচনে এলে আশঙ্কার সেই পথও বন্ধ হয়ে যাবে। আসুন, নির্বাচনে অংশ নিন।
 
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সব রাষ্ট্রদূত, হাই কমিশনার ও স্থায়ী প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন। 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অন্যান্য বিষয়ের পাশাপাশি বাণিজ্যকে প্রাধান্য দিতে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।
 
পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা বিষয় নিয়ে সরকারের সর্বশেষ অবস্থান তুলে ধরে বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব রোহিঙ্গা বোঝা লাঘব করতে চাই। এ জন্য আমরা দ্বিপক্ষীয়ভাবে কাজ করছি।
 
ইত্তেফাক/আনিসুর