অ্যাশলে ইয়াংয়ের জোড়া গোলে ম্যানইউর জয়

অ্যাশলে ইয়াংয়ের জোড়া গোলে ওয়াটফোর্ডকে ৪-২ ব্যবধানে হারিয়েছে জোসে মরিনিয়োর দল। এর মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানইউ। এই জয়ে ১৪ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ম্যানইউর পয়েন্ট ৩২। এক ম্যাচ কম খেলা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি ৩৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
 
ম্যাচের ১৯ মিনিটে স্বদেশি জেসে লিনগার্ডের পাস পেয়ে জোরালো শটে দলকে এগিয়ে দেন ইয়াং। ছয় মিনিট পর দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ এই মিডফিল্ডার। ৩২ মিনিটে ম্যানইউর পক্ষে তৃতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ওয়াটফোর্ডের ইংলিশ ফরোয়ার্ড ট্রই ডিনি।
IMG0
৮৪ মিনিটে ফরাসি মিডফিল্ডার আবদুলাই দুকুরে আরেক দফা ব্যবধান কমালে শঙ্কায় পড়ে যায় ম্যানইউ। তবে ৮৬ মিনিটে গোলপোস্টের ২২ গজ দূর থেকে লিনগার্ড ম্যানইউর পক্ষে আরেক গোল করে। এতে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় পায় দলটি।
 
ইত্তেফাক/কেআই