তাড়াশে ধানের ফলনে বিপর্যয়

 
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ বছরের রোপা-আমন ধান কাটা শেষের দিকে। ইতোমধ্যে প্রায় ৮৫ ভাগ ধান ঘরে তুলেছেন কৃষক। তবে আশানুরূপ ফলন না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। বৈরি আবহাওয়া, রোগ বালাই আর পোঁকা-মাকড়ের আক্রমণে ফসলের ক্ষতি হওয়ায় ফলন বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।
 
কৃষক ইসাহাক আলী, আব্দুল লতিব, শাহালম পরামানিক, মন্টু খন্দকার, দুদু মিঞা, আমজাদ হোসেন জানান, লাগাতার বৃষ্টি, দমকা বাতাশ, ব্যাকটেরিয়া জনিত ব্লাস্ট রোগে পাতা মরে যাওয়া আর পাকা ধানে পোঁকা-মাকড়ের আক্রমণে ফলন বেশ কম হয়েছে। ১০-১২ মন করে ফলন হয়েছে প্রতি বিঘা জমিতে। যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেকের মত। এ সময় তারা আরো জানান, মৌসুম জুড়ে প্রতিকূল আবহাওয়া থাকায় এ বারের রোপা আবাদে অনেককেই দ্বিগুণ পয়সা গুণতে হয়েছে।
 
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, প্রকৃতির ওপরে কারো হাত নেই। কৃষি বিভাগ থেকে সার্বক্ষণিক সব ধরনের সু-পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। এরপরেও আশানুরূপ ফলন পাননি তারা। তবে অন্য বছরগুলোর তুলনায় ধানের দাম ভালো পাওয়ায় কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারছেন। এ বছর ১০ হাজার ২২০ হেক্টর জমিতে রোপা-আমন ধানের আবাদ হয়েছে।
 
ইত্তেফাক/জামান