নড়াইলে প্রতিপক্ষের হামলায় ঘের পাহারাদার নিহত, আহত ৮

 
নড়াইলের পল্লীতে একটি মাছের ঘের ইজারা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঘের পাহারাদার আব্দুর রহমান (৬৫) নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছেন। 
 
আহতরা হলেন, তপনবাগ গ্রামের ফজল করিম (৬০), ইব্রাহিম (২৫), পারুল বেগম (৪০), মুক্তার হোসেন (৩২), সাত্তার (২৭), দেলোয়ার (৩২), রাজু (২৮) ও গোলাম রসুলকে (৩৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে তপনবাগ গ্রামে সাড়ে আট একর জমির একটি ঘের সীতারামপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে তিন বছর মেয়াদি ইজারা দেয়া হয়। এ ঘেরে তপনবাগ গ্রামের পঙ্কজ কুমার রায় এবং নড়াইল সদর উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমানসহ কয়েকজন যৌথভাবে মাছ চাষ করে আসছেন। ঘেরটি দেখাশোনা করেন তপনবাগ গ্রামের আব্দুর রহমান। তবে, ঘেরের মালিকানা দাবি করে আসছিলেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে গোলাম রসুল মোল্যা।
 
গোলাম রসুল মোল্যা জানান, সম্প্রতি উচ্চ আদালতের মাধ্যমে তার পক্ষে রায় হওয়ায় বুধবার ভোরে লোকজন নিয়ে ঘেরে মাছ ধরতে যান। এ সময় ঘের পাহারাদার আব্দুর রহমান বাঁধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। যুবলীগ নেতা মাহফুজুর রহমান জানান, গোলাম রসুল ও তার লোকজন ঘেরে মাছ ধরতে গেলে পাহারাদার আব্দুর রহমান বাঁধা দিলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
 
নড়াইল সদর থানার ওসি মো. দেলোয়ার হোসেন খান জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান