রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঢাবি ভিসির আহ্বান

মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে রোহিঙ্গা সংকট নিরসনে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 
 
রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ)-এর উদ্যোগে ‘মিয়ানমারের রোহিঙ্গাদের ধীরে ধীরে নৃশংস গণহত্যা শেষ করে’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি আজ এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউরো-বার্মা অফিসের সহযোগিতায় এই সম্মেলন আয়োজন করা হয়। 
 
ড. মো. আখতারুজ্জামান বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের চ্যালেঞ্জ নয়, বরং এটি সমগ্র বিশ্ব তথা মানব সভ্যতার সংকট। উপাচার্য রোহিঙ্গা মুসলিমদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বাসস।
 
ইত্তেফাক/এমআই