স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কিথ হ্যানসেন ও অ্যানেট্টে ডিক্সনের সঙ্গে দুটি পৃথক বৈঠকে তিনি একথা বলেন।
ওয়াশিংটনে বিশ্বব্যাংকের উদ্যোগে চলমান ‘নলেজ শেয়ারিং ইভেন্ট ২০১৭’ সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মঙ্গলবার তিন দিনব্যাপী এই ইভেন্ট শুরু হয়। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্ব ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারা সহিংসতার কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেদেশের নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ‘মাদার অব হিউম্যানিটি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়, খাদ্য ও চিকিৎসা দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন তার প্রশংসা করেন এবং আশ্রিত রোহিঙ্গাদের সাহায্যে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
ইত্তেফাক/কেকে