পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

টানা পঞ্চমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতির মামলা থাকা সত্ত্বেও পার্লামেন্টের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পাচ্ছে নেতানিয়াহুর রক্ষণশীল দল লিকুদ পার্টি নেতৃত্বাধীন জোট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রসঙ্গে বলেছেন, নেতানিয়াহুর জয় শান্তির জন্য ভাল নির্দেশক। খবর রয়টার্স ও আল জাজিরা’র

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ১২০টি আসন আছে। গতকাল ৯৭ ভাগ ভোট গণনায় দেখা গেছে, অন্তত ৬৫টি আসনে জয় পাচ্ছে নেতানিয়াহুর জোট। প্রেসিডেন্ট রিউভিন রিভলিন এক টুইটার বার্তায় জানিয়েছেন, আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকের মাধ্যমে তারা কাকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবেন সেই বিষয়টি জানা যাবে। স্বচ্ছতা বজায় রাখতে ওই বৈঠক সরাসরি সমপ্রচার করা হবে। জোট গঠনে একজনকে নির্বাচিত করা হবে। এজন্য ২৮ দিন সময় দেওয়া হবে। প্রয়োজন হলে সময় আরো দুই সপ্তাহ বাড়ানো হবে।

নেতানিয়াহুর চরিত্র নিয়ে নানা অভিযোগ আছে। তিনটি দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে যাতে তিনি অভিযুক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। দুর্নীতির তদন্ত করে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। যদিও নেতনিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন। মঙ্গলবারের ভোট নেতানিয়াহুর ওপর একটি গণভোট বলেও অনেকে মনে করছেন। এত অভিযোগ সত্ত্বেও নেতানিয়াহু আগের জোট সরকারের চেয়ে আরো চারটি আসন বেশি পাচ্ছেন। আর ডানপন্থি দলগুলো ইতোমধ্যে নেতানিয়াহুকে তাদের নেতা মানার ঘোষণা দিয়েছে বলে ইসরাইলি মিডিয়া জানিয়েছে। মঙ্গলবার রাতে ৬৯ বছর বয়সী নেতানিয়াহু তার সমর্থকদের উদ্দেশে বলেন, বিশাল জয়ের রাত আজ। নেতানিয়াহুর জয়ের খবরে শেয়ারবাজারে সূচক এক ভাগ বেড়েছে। এদিকে গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নেতানিয়াহুর জয় শান্তির জন্য একটা ভাল নির্দেশক।