সিদ্ধিরগঞ্জে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ৭ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করেছে মেয়েটির প্রেমিক ও তার বন্ধুরা। সোমবার রাতে সিদ্ধিরঞ্জের উত্তর কদমতলী এলাকায় একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। পুলিশ প্রেমিক ধর্ষক আব্দুস সালামকে (৩৫) গ্রেফতার করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির সাথে মোবাইল ফোনের মাধ্যমে এক বছর ধরে সম্পর্ক চলছিল আব্দুস সালামের। সোমবার বিকালে মেয়েটিকে ফুসলিয়ে আব্দুস সালাম তার বন্ধু ইমরানের ভাড়া করা উত্তর কদমতলী এলাকার আব্দুল হাকিম সিকদারের ৬ষ্ঠ তলার বাড়ির ৩য় তলার ফ্লাটে নিয়ে যান। এরপর ওই ফ্লাটে রাতভর আটক রেখে আব্দুস সালাম ও তার বন্ধুরা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করেন।
মঙ্গলবার সকাল ৭টায় মেয়েটি বাসায় ফিরে গিয়ে তার মায়ের কাছে বিস্তারিত বলে। সন্ধ্যায় ধর্ষিতা তার মাকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই গোদনাইল এনায়েতনগর এলাকার রহমত আলী মোল্লার ভাড়াটিয়া বাড়ি থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম।
সালাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লাহর দর্গা এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি গোদনাইল নিট কনসার্ন গ্রুপের নিটিং সেকশনের শ্রমিক। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/আরকেজি