সুজানগরে হলুদ ফুলের মেলা

 
চলতি রবি মৌসুমে পাবনার সুজানগরে ব্যাপকভাবে সরিষা আবাদ করা হয়েছে। বিশেষ করে আসন্ন বোরো আবাদের খরচ পোষাতে অধিকাংশ কৃষক সরিষা আবাদ করেছেন। তাছাড়া গত বছর সরিষার দাম ভাল পাওয়ায় এ বছর উপজেলার বড় থেকে শুরু করে প্রান্তিক কৃষকরা পর্যন্ত কম-বেশি সরিষা আবাদ করেছে।
 
ইতিমধ্যে মাঠে মাঠে যেন সরিষার হলুদ ফুলের মেলা বসেছে। বিশেষ করে চরাঞ্চলের উঁচু জমিতে আগাম আবাদ করা সরিষার হলুদ ফুলে ফুলে সেজেছে ফসলের মাঠ। এসব সরিষা কৃষকের ঘরে উঠতে এখনও ১৫/২০দিন সময় লাগবে। তবে সরিষা ঘরে উঠতে দেরি থাকলেও সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। আর সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনতো আছেই। তারা ব্যস্ত সরিষা ফুলের পাপড়ি থেকে মধু আহরণ করতে। পাশাপাশি এখন মধু পিপাসুরা সরিষা ফুলের খাঁটি মধু কিনতে ছুটছেন মৌয়ালদের বাড়ি বাড়ি।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলার ১০টি ইউনিয়নে ৫হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। ইতিমধ্যে চরাঞ্চলের জমিতে আগাম আবাদ করা সরিষা সুন্দরভাবে বেড়ে উঠেছে।
 
উপজেলার গোপালপুর গ্রামের কৃষক আফতাব প্রামাণিক জানান, গত বছরের চেয়ে এ বছর সরিষা ক্ষেতের চেহারা ভাল। সেকারণে ধারণা করা হচ্ছে কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার সরিষার বাম্পার ফলন হবে। উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার জানান, অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার, বিষ দেওয়ায় চলতি রবি মৌসুমে উপজেলার সর্বত্র সরিষা ভাল হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে।
 
ইত্তেফাক/জামান