ক্ষতিগ্রস্ত এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণের সুপারিশ

 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ৩৫টি জেলায় অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্ষতিগ্রস্থ জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে এ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়া হয়।
 
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, তালুকদার আব্দুল খালেক, বিএম মোজাম্মেল হক, সৈয়দ আবু হোসেন, মমতাজ বেগম এবং হ্যাপী বড়াল সভায় অংশগ্রহণ করেন।
 
সভায় ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি ইডকল কোম্পানির কার্যক্রম ও সোলার প্যানেলের মূল্য বেশি হওয়ার যৌক্তিক কারণসহ একটি বিস্তারিত প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করে। 
 
এছাড়াও আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞতা অর্জনের জন্য সংসদীয় কমিটির ভারত ও নেপালের উজানের নদ-নদী ও বৃষ্টিবহুল অঞ্চল পরিদর্শনের সূচি চূড়ান্ত করার সুপারিশ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে