বাম দলগুলোর ডাকা হরতাল মৌলবাদ, উগ্রবাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাতকে শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত 'দেশ ও জনস্বার্থ বিরোধী হরতালের প্রতিবাদে' মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
বাম দলগুলোর ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, বাম দলগুলো স্বাধীনতার পক্ষের শক্তি। আপনারাই আবার জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে অংশ নিয়ে স্বৈরতন্ত্রকে আরো সুসংহত করেছিলেন। আর আজকে হরতাল ডেকে মৌলবাদ ও উগ্রবাদকে সমর্থন দিচ্ছেন। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে তাদের হাতকে শক্তিশালী করছেন।
সাবেক এই পরিবেশ ও বনমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা, পাকিস্তানে প্রতি ইউনিট গড়ে সাত টাকা, ভারতেও প্রতি ইউনিট গড়ে সাত টাকা, বাংলাদেশে মূল্যবৃদ্ধির পরও ছয় টাকা ৮০ পয়সা অর্থাৎ পার্শ্ববর্তী সমস্ত দেশ গুলোর চেয়ে বাংলাদেশের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনো কম। এ ছাড়া মিনিমাম বিলের প্রথাও তুলে দেয়া হয়েছে। এতে করে ২৯ লাখ নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকের বিল কমে গেছে। তাহলে কেন এই হরতাল?
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, লীগ নেতা এম এ করিম, অরুন সরকার রানা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি