চিংড়ি ডিপোর মালিককে জরিমানা, অপদ্রব্য পুশ করা চিংড়ি ধ্বংস

 
খুলনায় অপদ্রব্য পুশের অভিযোগে ‘ভাই ভাই ফিস’নামে একটি চিংড়ি ডিপোর মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় পূর্ব রূপসার চর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল আলম এ আদেশ দেন।  এ সময় ৫০০কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি ধ্বংস করা হয়। 
 
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী খান পান্না মিয়া জানান,  বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার পূর্ব রূপসা চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ভাই ভাই ফিস নামে একটি চিংড়ি ডিপো থেকে অপদ্রব্য পুঁশ করা (মানবদেহের জন্য ক্ষতিকারক জেলি) ৫০০ কেজি চিংড়ি জব্দ এবং চিংড়ি ডিপোর মালিক মো. নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। পরে অপদ্রব্য পুশকৃত চিংড়ি ধ্বংস করে রূপসা নদীতে ফেলে দেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি