ট্রেন ছাড়তে দেরি, টঙ্গী স্টেশনে যাত্রীদের হামলা

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় তুরাগ এক্সপ্রেসের যাত্রীরা বৃহস্পতিবার রাতে টঙ্গী স্টেশনের কন্ট্রোল রুমে হামলা চালিয়েছে। এতে স্টেশন মাস্টার আবদুল হালিমসহ ৪ রেল কর্মচারী আহত হয়েছেন।
 
যাত্রীরা জানান, রাত ৭টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশনে থামে। এক ঘণ্টা অতিবাহিত হলেও ট্রেনটি না ছাড়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠে। কয়েকজন যাত্রী স্টেশন মাস্টারের কাছে গিয়ে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে গেলে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্টেশনের কন্ট্রোল রুম ও তুরাগ ট্রেনে ভাঙচুর করেন যাত্রী।
 
টঙ্গী রেল স্টেশনের মাস্টার আব্দুল হালিম জানান, ট্রেনটি রাত ৭টা ৮ মিনিটে টঙ্গী স্টেশনে এসে থামে। রাত ৮টার দিকে কিছু যাত্রী স্টেশনের কন্ট্রোল রুমে হামলা চালায়। এ সময় যাত্রীরা কন্ট্রোল রুমের দরজা, জানালার কাঁচ ভাঙচুর এবং কর্মচারীদের মারধর করেন। পরে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
 
জয়দেবপুর জংশন পুলিশ ক্যাম্পের এসআই এসএম রকিবুল হক জানান, খবর পেয়ে টঙ্গী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
 
ইত্তেফাক/ইউবি