ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত

 
সাতক্ষীরার তালায় একটি বেইলি ব্রিজের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে শতাধিক শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ।
 
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় এবং দেওয়ানীপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে বাঁশের সাকোর উপর দিয়ে আসা যাওয়া নিত্যদিনের ব্যাপার। এছাড়া খরাইল, ভবানীপুর, কাজীডাঙ্গা ও উত্তরঘোনাসহ কয়েকটি গ্রামের শত শত মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করে এ বাঁশের সাঁকোর উপর দিয়ে। এছাড়া এলাকাটি বছরের ৬/৭ মাস জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে এবং বর্ষা মৌসুমে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। এরপরও ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাকোর উপর দিয়ে চলাচল করা শত শত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
 
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন বলেন, বাঁশের সাঁকো পার হতে গিয়ে প্রতিনিয়ত স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য গত বছর সরেজমিন দেখে গেলেও অদ্যাবধি কোন সমাধান হয়নি। বিভিন্ন দপ্তরে আবেদন করলেও একটি বেইলি ব্রিজ এখনও নির্মিত হয়নি।
 
স্থানীয় ইউপি সদস্য সেকেন্দার আলী মোড়ল জানান, প্রায় ২২ বছর আগে কোমলমতি শিশুদের স্কুলে যাতায়াতের জন্য আমার জমির উপর দিয়ে বাঁশের সাঁকোটি তৈরি করা হয়েছিল। এখনো সাঁকোটি সেই অবস্থায় আছে, তবে মাঝে মাঝে স্বেচ্ছাশ্রমে এটা সংস্কার করা হয়।
 
ইত্তেফাক/জামান