গত সোমবার রাত ৩টা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দুর্গম পদ্মার চর আলাতুলি মধ্যপাড়ায় র্যাবের জঙ্গি বিরোধী অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় দীর্ঘ ৮৬ ঘণ্টাব্যাপী চলমান অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। র্যাব-৫, রাজশাহীর অপস্ অফিসার বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা ২১ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মা. মাহবুব আলম জঙ্গি বিরোধী তল্লাশি অভিযান সমাপ্তি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহত জঙ্গিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে চরআলাতুলি মধ্যপাড়ায় পরিচালিত অভিযানে তিন জঙ্গির মৃত্যু এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে র্যাব।
অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক জঙ্গি আস্তানার (বাথান বাড়ি) মালিক রাশিকুল ইসলামসহ আটক ৩ জনের মধ্য থেকে রাশিকুলের শাশুড়ি মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে রাশিকুল ইসলাম ও তার স্ত্রী নাজমা বেগমকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন র্যাব-৫ রাজশাহীর অপস অফিসার এএসপি মাহফুজুর রহমান। এরআগে গত বুধবার চরআলাতুলি মধ্যপাড়ায় পরিচালিত অভিযানে আত্মঘাতী তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
জানা যায়, গত বুধবার দুপুরে সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে পৌরসভার উদ্যোগে শহরের ফকিরপাড়া গোরস্থানে বেওয়ারিশ হিসেবে তাদের মরদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (২৭ নভেম্বর) দিনগত গভীর রাতে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নে পদ্মানদীর মধ্যচরে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানায় অভিযান চালায় র্যাব। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহার করা বাথান বাড়িটির মালিক রাশিকুল ইসলাম, তার স্ত্রী নাজমা বেগম ও শাশুড়ি মিনারা বেগম আটক করা হয় বলে র্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি কমান্ডার মেজর এমএম আশরাফুল ইসলাম জানান।
ইত্তেফাক/জামান