মোদিতে আস্থা ইমরানের

প্রথম ধাপের ভোটের একদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার দাবি, মোদি পুনরায় প্রধানমন্ত্রী হলে কাশ্মির সংকটের সমাধান আসতে পারে। মঙ্গলবার ইসলামাবাদে বিদেশি সাংবাদিকদের     একটি গ্রুপের সঙ্গে  আলাপকালে তিনি এ কথা বলেন। ইমরান বলেন, নির্বাচনে প্রধানমন্ত্রী মোদির দল জিতলে কাশ্মির ইস্যুতে দুই দেশের মধ্যে ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হবে আর তা ফলপ্রসূ হতে পারে। আর কংগ্রেস ক্ষমতায় গেলে কাশ্মির সমস্যা যে অন্ধকারে ছিল, সেই অন্ধকারেই থাকবে। কারণ, কট্টর ডানপন্থিদের বিরোধিতার ভয়ে কাশ্মির সমস্যা মেটাতে কংগ্রেস ততটা অগ্রসর হবে না। 

তবে মোদির আমলে মুসলিম ও অ-হিন্দুদের উপর লাগাতার আক্রমণের কথাও বলেছেন ইমরান খান। তিনি

বলেন, ভারতে এখন যা সব হচ্ছে, কখনোই তা দেখতে হবে ভাবিনি। মুসলিম ভাবাদর্শের উপর আক্রমণ চলছে। চিনি, জানি এমন বহু ভারতীয় মুসলিম আমাকে বলেছেন, আগে তারা অনেক ভালো ছিলেন। কিন্তু এখন তাদের ভালো লাগছে না। তারা উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থানে উদ্বিগ্ন। এরপরও কাশ্মির সমস্যা মেটানোর স্বার্থেই মোদিকে চান ইমরান।

ইমরান খানের আস্থার কথা বলার পর বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদি। কংগ্রেস, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেতারা সমালোচনা করেছেন।

কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান সরকারিভাবে মোদির সঙ্গে হাত মিলিয়েছে। মোদিকে ভোট দেওয়া মানে পাকিস্তানকে ভোট দেওয়া। একইসঙ্গে তিনি বলেছেন, ‘মোদিজি, প্রথমে নওয়াজ শরিফ আপনার বন্ধু ছিলেন। এখন ইমরানও আপনার বন্ধু। থলের বিড়াল বেরিয়ে গেছে।