বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র জৈন্তাপুর উপজেলার হরিপুর অঞ্চলের সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গতকাল বুধবার সকালে গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. লুত্ফুর রহমানের ব্যক্তিগত গাড়িচালক নিতাই মনি প্রতিদিনের মতো গাড়ি নিয়ে বাংলোয় প্রবেশ করেন। ভেতর থেকে বাংলো আটকানো থাকায় ডাকাডাকির পর কোনো সাড়া-শব্দ না পেয়ে চালক জানালার কাছে গিয়ে দেখতে পান রুমের সিলিং ফ্যানের সঙ্গে তিনি ঝুলছেন। বিষয়টি গ্যাস ফিল্ডের অন্য কর্মকর্তাদের জানান গাড়িচালক। সংবাদ পেয়ে ছুটে যান গ্যাস ফিল্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ঘটনাস্থলে আসেন এডিশনাল এসপি (মিডিয়া) মো. মাহবুবুল আলম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মাইনুল জাকিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুত্ফুর রহমান মঙ্গলবার বাংলাদেশ গ্যাস ফিল্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাংলোতে রাত্রিযাপন করেন। বুধবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলো ত্যাগ করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে এমডির ব্যক্তিগত গাড়িচালক এই দুর্ঘটনার খবর দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তিনি যোগদান করেন। যোগদানের এক বছর ২ দিনের মাথায় তিনি আত্মহত্যা করেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়মনসিংহ জেলার বাসিন্দা প্রকৌশলী মো. লুত্ফুর রহমানের স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্ত্রী সন্তানেরা ঢাকায় বসবাস করেন।
এডিশনাল এসপি (মিডিয়া) মো. মাহবুবুল আলম এ বিষয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, সংবাদ পেয়ে দ্রুত চলে আসি এবং ঘটনার পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে অধিকতর তদন্তের জন্য সিআইডির বিশেষ টিমকে খবর দেওয়া হয়। তারা এসে ক্রাইম সিন সংগ্রহ করবে। এরপর লাশ মর্গে প্রেরণ করা হবে। পরবর্তীতে ঘটনার বিবরণ পুলিশ সুপারের কার্যালয় থেকে ব্রিফিং করে জানানো হবে।