যশোরে ‘প্রেম বিরোধে’ যুবককে ছুরিকাঘাতে হত্যা

 
‘প্রেম বিরোধে’ যশোর কালেক্টরেট পার্কে বাবু হোসেন রনি (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 
 
ফিরোজ নামে এক যুবক কথা কাটাকাটির জের ধরে শুক্রবার সন্ধ্যায় ছুরিকাঘাত করলে একঘণ্টা পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রনি মারা যান। রনি যশোর শহরের শংকরপুর গোলপাতা এলাকার আলী হোসেনের ছেলে। তিনি শহরতলীর রাজারহাট প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
 
পুলিশ জানায়, বাবু হোসেন রনি তার বান্ধবীকে নিয়ে বিকেলে যশোর কালেক্টরেট পার্কে গল্প করছিলেন। একপর্যায়ে সেখানে ফিরোজ নামে এক যুবক আসেন। ফিরোজ তাদের পরিচিত। পুলিশের ধারণা প্রেমের ঘটনা নিয়ে রনিকে ছুরিকাঘাত করে ফিরোজ। এতে রনির মৃত্যু হয়।
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. ওহেদুজ্জামান আজাদ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনি মারা যান। তার লাশ মর্গে রাখা হয়েছে।
 
যশোর কোতোয়ালি থানার এসআই আসাদ বলেন, মেয়েলি ঘটনা নিয়ে রনিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তদন্ত করলে আরও বিস্তারিত জানা যাবে।
 
ইত্তেফাক/আরকেজি