বিএল কলেজ ছাত্রলীগের ৫ নেতাকে অব্যাহতি

 
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজ ছাত্রলীগের পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা মহানগর ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
তারা হলেন- বিএল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বাতেন সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওলিন পারভেজ (শুভ), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আশিক রানা ও রাকিবুল হাসান।
 
মহানগর ছাত্রলীগ নেতা চয়ন বালার পাঠানো ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই পাঁচ নেতাকে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কেন ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না-তার পক্ষে সাতদিনের মধ্যে খুলনা মহানগর ছাত্রলীগের দফতর সেলে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
 
সম্প্রতি বিএল কলেজ ছাত্রলীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চাঙা হয়ে উঠেছে। যার জের ধরে কয়েক দফা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়।
 
ইত্তেফাক/আরকেজি