তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশন চ্যানেলে স্থানীয় বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ডাউনলিংক ব্যবহার করে বিদেশি টেলিভিশনে স্থানীয় বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করতে ক্যাবল অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী বিদেশি টেলিভিশন চ্যানেলে স্থানীয় বিজ্ঞাপন প্রচার করা যাবে না। মন্ত্রী গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত টেলিভিশন চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) সদস্যদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন।
অ্যাটকো সভাপতি এবং মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, একাত্তর টেলিভিশনের সি ই ও মোজাম্মেল বাবু এবং অ্যাটকোর সদস্যগণ উপস্থিত ছিলেন।