অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে শনিবার এ কথা জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে যা বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিটে।
ইত্তেফাক/এমআর