পাখির ঝাঁক লক্ষ্য করে ছোড়া ইউপি চেয়ারম্যানের গুলিতে এক যুবকের চোখ জখম হয়েছে। জলঢাকার তালুক গোলনা গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম দুলাল চন্দ্র রায় (২৫)। তার বাড়ি উপজেলার গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামের দলবাড়ি দোলা এলাকায়।
এলাকাবাসী জানায়, কাঁঠালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন এক সহযোগীকে নিয়ে দুপুরে পাখি শিকারে যান। এসময় বন্দুক দিয়ে এক ঝাঁক পাখি লক্ষ্য করে গুলি ছুড়লে ধানক্ষেতে কর্মরত দুলাল গুলিবিদ্ধ হয়। তার চোখে গুলি লাগলে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুলালের বাবা যতীন্দ্র নাথ রায় বলেন, আমার ছেলে ধানক্ষেতে কাজ করছিল। এসময় চেয়ারম্যানের ছোড়া গুলিতে আমার ছেলের বাম চোখ মারাত্মক জখম হয়।
গোলনা ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির বলেন, পাখি শিকার সরকারিভাবে নিষিদ্ধ। তারপরেও উনি কিভাবে শিকারে আসেন আমার জানা নেই। অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন বিষয়টি অস্বীকার করেন।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, সংবাদ পেয়ে আমি সেখানে পুলিশ পাঠিয়েছি। এসআই আসলাম বলেন, তদন্তকালে কাঁঠালী ইউপি চেয়ারম্যান তুহিনের ছোড়া গুলিতেই ওই যুবক আহত হয়েছে এমনটিই জানা গেছে।
তিনি আরও বলেন, আহত ব্যক্তিকে নিয়ে তুহিন চেয়ারম্যান নিজেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে এলাকাবাসী আমাদের জানায়।
ইত্তেফাক/আরকেজি