উপজেলার ধল্লা বিন্নাডাঙ্গী ওয়েস্ট টাউনের একটি পানির হাউজ থেকে শনিবার সকালে রাসেল (২০) নামে নিখোঁজ এক কলেজছাত্রের হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ নভেম্বর তিনি নিখোঁজ হন।
তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ পূর্ব ভাকুম গ্রামের আনছের ফকীরের ছেলে এবং সাভার কলেজ বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
রাসেলের আত্মীয় জয়মণ্টপ ইউনিয়ন পরিষদের মেম্বার মজিবর রহমান জানান, ২৬ নভেম্বর তার ৭টার দিকে রাসেলের বন্ধু জায়গীর গ্রামের ইমরান রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। এ ব্যাপারে বন্ধু ইমরানকে জিজ্ঞাসা করলে ইমরান বলে সে কিছুই জানে না। ৩/৪দিন আগে রাসেলের বিকাশ করা মোবাইল থেকে এক ব্যক্তি রাসেলের চাচা সৌদী প্রবাসী মনছুর ফকীরের ফোনে কল দেয়। রাসেলকে মেরে ফেলার কথা বলে ম্যাসেস পাঠিয়ে ৫০ হাজার টাকা আদায় করে। এভাবে কয়েক দফায় টাকা নেওয়া হয়। মোবাইলে ম্যাসেস দেয় কিন্তু কথা বলে না ঐ ব্যক্তি। পরবর্তীতে ঐ মোবাইলে ম্যসেস দিয়ে বলা হয় তোমাদের ৫ লাখ টাকা দিব। রাসেলকে ফেরৎ দাও। কিন্তু ওরা রাসেলকে ফেরৎ দেয়নি। বিষয়টি নিয়ে সিংগাইর থানায় সাধারণ ডায়েরি এবং র্যাবের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
শনিবার সকালে ওয়েস্ট টাউনে ক্রিকেট খেলছিল একদল কিশোর। গাজিন্দা এলাকার রোকেয়া বেগম নামে এক মহিলার চর্তুদিক বাউন্ডারি করা জায়গার ভেতরে ক্রিকেট বলটি গেলে ওয়াল টপকিয়ে এক কিশোর তা আনতে গিয়ে দেখে পানির হাউজে একটি লাশ ভাসছে। পুলিশ বাউন্ডারি গেটের তালা ভেঙ্গে ওখান থেকে রাসেলের লাশ উদ্ধার করে।
সিংগাইর থানা অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, এটা যে রাসেলেরই লাশ তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না তার বাড়ির লোকজন। তাই ডিএনএ টেস্ট করা হবে। তবে এ ব্যাপারে হত্যা মামলা নেওয়া এবং লাশ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি