আড়াইহাজারে দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর (চরলক্ষীপুর) গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ হানিফা (৬৫) ও আঃ রশিদকে (৬৪) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং জুয়েল (৩০), দিলুফা (৩০) ও আলমশাহকে (৩৫) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যারচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আঃ রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকাল ১০টার দিকে উভয়পক্ষের লোকজন মেঘনায় মাছ ধরতে যায়। এ সময় উভয়পক্ষ তর্কবিতর্কের এক পর্যায়ে পরস্পরের উপর টেঁটা বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই অভিযোগ দেয়নি।