যশোরে সন্ত্রাসীদের গুলিতে এনজিও কর্মী নিহত

 
যশোর উপশহরে সন্ত্রাসীদের গুলিতে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহত ভিকু উপশহর সি ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে। তিনি 'প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা' নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ছিলেন। স্থানীয় পর্যায়ের এই এনজিওটি ঋণ কর্মসূচি পরিচালনা করে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিকু রাত পৌনে ১০টার দিকে উপশহর বি ব্লক বাজার থেকে পায়ে হেটে সি ব্লকে নিজবাড়ির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছুলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ২টি গুলি ও ২টি হাতবোমা ছুঁড়ে পালিয়ে যায়। একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়। একটি বোমা তার দেহে বিস্ফোরিত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কোতোয়ালী থানার কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, খুনের কারণ ও খুনিদের এখনও শনাক্ত করা যায়নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।
 
ইত্তেফাক/জামান