ব্র্যাথওয়েটের ব্যাটে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েলিংটনে চলমান ম্যাচে কলিন ডি গ্র্যান্ডহোমের পর টম ব্লান্ডেলের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ৯ উইকেটে ৫২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক নিউজিল্যান্ড। পক্ষান্তরে সফরকারীরা প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায়।
 
ব্র্যাথওয়েটের অপরাজিত ৭৯ রানের সুবাদে তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২১৪। অপরপ্রান্তে ২১ রান নিয়ে অপরাজিত আছেন শাই হোপ। প্রথম ইনিংসে ৩৮৬ রানে পিছিয়ে থাকায় নিউজিল্যান্ডকে আবারো ব্যাট করতে নামাতে হলে কিউইদের প্রয়োজন আরো ১৭২ রান। লক্ষ্যমাত্রা পাহাড়সম হলেও ওয়েস্ট ইন্ডিজ দলের সর্বশেষ ক্যারিবিয় সফরের স্মৃতি স্মরণে থাকলে ব্যাথওয়েটের জন্য তা মোটেই অসম্ভব নয়।
 
২০১৩ সফরে প্রথম টেস্টে ফলো অনে পড়ে ৩৯৬ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লিড নিয়ে ছিল ক্যারিবিয়রা। ম্যাচের পঞ্চম দিনে মারলন স্যামুয়েলসের ডাবল সেঞ্চুরিতে ক্যারিবিয়রা দ্বিতীয় ইনিংসে ৫০৭ রান সংগ্রহ করেছিল এবং জয়ের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ১১২ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ভয়ে এবং আত্মবিশ্বাসের সাথে ব্যাট করছেন ব্র্যাথওয়েট।
 
কাইরন পাওয়েলের (৪০) সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭২, দ্বিতীয় উইকেট জুটিতে শিমরন হেতমায়ারের (৬৬) সঙ্গে ৯৪ এবং হোপের সঙ্গে আরো ৪৮ রানের একটি কার্যকর জুটি গড়েন ব্র্যাথওয়েট। ক্যারিয়ারে মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা ২০ বছর বয়সী হেতমায়াও আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাটিং করছেন।
 
প্রথম ইনিংসে কোন সাফল্য না পেলেও দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়দের আউট হওয়া দুই উইকেটই শিকার করেন ম্যাট হেনরি। কিন্তু প্রথম ইনিংসে ক্যারিবিয়দের ধ্বসিয়ে দেয়া নেইল ওয়াগনার ৮৯ রান খরচ করেও দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত উইকেট শুন্য আছেন। দ্বিতীয় দিন ৯ উইকেটে ৪৪৭ রান সংগ্রহ করা নিউজিল্যান্ড আরো ৭৩ রান যোগ করে তৃতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগ মুহুর্তে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে। অভিষেক টেস্টেই সেঞ্চুরি পাওয়া নিউজিল্যান্ডর ব্লান্ডেল ১০৭ রানে অপরাজিত থাকেন।
 
২৭ বছর বয়সী ব্লান্ডেল ১৮০ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকান।
 
ইত্তেফাক/কেআই