‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা থাকা উচিৎ নয়’

 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান উমর ফারুক চৌধুরীকে শনিবার বাংলাদেশ ছাত্রপরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়েছে। 
 
যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা বাংলাদেশ যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বাংলাদেশে একজন শিক্ষার্থীর স্নাতকোত্তর সম্পন্ন করতে ২৭-২৮ বছর হয়ে যায়। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা যেহেতু ৩০ বছর, তাই একজন শিক্ষার্থী মাত্র ২-৩ বছর সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পান। এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না।
 
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘পৃথিবীর কোথাও সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নেই। তবে কেন তা বাংলাদেশের যুব সমাজের উপর চাপিয়ে দেয়া হবে। তার মতে চাকরিতে আবেদনের কোনো বয়সসীমা থাকা উচিৎ নয়।
 
চাকরির বয়সসীমা ৩৫ বছরের দাবিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রপরিষদের ব্যানারে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছে।
 
এ সময় সভায় উপস্থিত ছিলেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। বাংলাদেশ ছাত্রপরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সবুজ ভূইয়া, ইউসুফ ইলিয়াস, হারুন অর রশিদ, শফিক রহমান, বিনয় বিশ্বাস, শাহদাৎ হোসেন, আশরাফুল আশেকিন, রাখাল দে, আফতাব রহমান, কামরুন নাহার ঝুমা, রিপা ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি