শ্রীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

 
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর উত্তরপাড়া গ্রামে এক মাদ্রাসা ছাত্রী শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার দুপুর ১২ টায় শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত মৌসুমী আক্তার (৮) উপজেলার গাজীপুর উত্তরপাড়া গ্রামের কুদ্দুস আলীর মেয়ে। সে স্থানীয় গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার ইবতেদায়ী শাখার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহতের সৎ ভাই ইদ্রিস আলীকে আটক করেছে। 
 
নিহতের মা রমিজা খাতুন জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আব্দুল আউয়ালের ছেলে মনিরুজ্জামানের সঙ্গে তার বোনের মেয়ে লাকী আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মনিরুজ্জামান জয় তার নানা গাজীপুর গ্রামের কদম আলী বাড়িতে থেকে পড়াশোনা করত। এদিকে পরিবারের লোকজন তাদের প্রেমের সম্পর্ক জেনে যাওয়ায় কয়েকদিন আগে লাকী আক্তারকে অন্যত্র পাঠিয়ে দেন পরিবারের লোকজন। মনিরুজ্জামান কয়েকদিন যাবৎ লাকী আক্তারের সন্ধানের জন্য মৌসুমীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। ধারণা করা হচ্ছে, মনিরুজ্জামানই ধর্ষণের পর তাকে হত্যা করেছে। এঘটনার পর থেকে মনিরুজ্জামান পলাতক রয়েছে। 
 
নিহতের ভাই ইদ্রিস আলী বলেন, বাড়ির পাশেই গাজীপুর বাজারে এক বাউল গানের অনুষ্ঠান ছিল এদিকে তার মা স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ায় বাড়িতে ছিলেন না। মৌসুমীকে তার ঘরে ঘুমাতে রেখে তিনি বাউল গান শুনতে যান। পরে ভোর রাতে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা। এ সময় ঘরে ঢুকে মৌসুমীর রক্তাক্ত মৃতদেহ দেখে কান্নাকাটি শুরু করেন। 
 
শ্রীপুর থানার উপ-পরিদর্শক এখলাসুর রহমান জানান, প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
ইত্তেফাক/কেকে