‘হয়তো এটাই হবে আমার প্রথম ও শেষ ধারাবাহিক’

 
২০১২ সালের কথা। ‘তুমি আমি সে’ শিরোনামের একটি নাটক নির্মাণের মধ্য দিয়ে নাটক পরিচালনা শুরু করেন মিজানুর রহমান আরিয়ান। এরপর থেকে তিনি প্রায় ৪০টির মতো একক নাটক দর্শকদের উপহার দিয়েছেন। তার মধ্যে চলতি বছর ‘বড় ছেলে’ ও ‘ব্যাচ ২৭’ টেলিছবি দুটো নির্মাণ করে অভাবনীয় সাড়া পান। 
 
অসংখ্য টেলিছবি নির্মাণের পর নির্মাতা আরিয়ান এবার নিয়ে আসছেন ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’। এটাই তার প্রথম ধারাবাহিক নির্মাণ। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘ধারাবাহিকটি নির্মিত হচ্ছে ৪ প্রজন্মের গল্পকে ঘিরে। এক কথায়, ৪টি গল্পের সংমিশ্রণে নির্মিত হচ্ছে নাটকটি। এই ৪ প্রজন্মের গল্পে দেখা যাবে ইমাম-দিলারা জামান, ইন্তেখাব দিনার-নাদিয়া, অপূর্ব-তাসনুভা তিশা ও তামিম মৃধা-সিফাত কাপলকে। নাটকে প্রথম ৩ প্রজন্মের গল্প ঠিক থাকবে। তবে প্রতি ১৩ পর্ব পরপর শেষ প্রজন্মের গল্পে পরিবর্তন আসবে। তাদের মধ্যে সঙ্কট, ভালোবাসা, ভালোলাগা, মন্দ লাগা, গতি-প্রকৃতি আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখানো হবে ধারাবাহিকটিতে।’
 
হঠাৎ করে ধারাবাহিক নির্মাণ করা প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এতদিন একক নাটক নির্মাণ করেছি। তবে ধারবাহিক নির্মাণ করবো করবো ভেবে করা হয়নি। মূল সমস্যাটা ছিল গল্পের। মনের মতো গল্প পাইনি এতদিন। আশা করছি এই গল্পটি দর্শক পছন্দ করবেন।’ 
 
বর্তমানে কয়েক পর্ব যাওয়ার পর বেশিরভাগ ধারাবাহিক নাটক গল্প ধরে রাখতে পারে না, সেক্ষেত্রে ‘গল্পটা আমাদের’ নিয়ে কতটুকু আস্বস্ত করতে পারবেন দর্শকদের? এ প্রশ্নের জবাবে আরিয়ান বলেন, ‘এটি আমার প্রথম ধারাবাহিক। গল্পের ধারাবাহিকতা যাতে বজায় থাকে আমি সেভাবে এগুচ্ছি। আমি সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। গল্প বা কোনো সঙ্কটের কারণে যদি দর্শক না দেখে তাহলে হয়তো এটাই হবে আমার প্রথম ও শেষ ধারাবাহিক।’ 
 
আরিয়ানে গল্প ভাবনায় ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকি মিডি। ধারাবাহিকটি ৮ ডিসেম্বর থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
 
ইত্তেফাক/আনিসুর